উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। ঘন কুয়াশার কারণে বেলা গড়ালেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। হাড়কাঁপানো শীত ও কুয়াশার দাপটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজ করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার প্রভাবে কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বাড়বে এবং কিছু এলাকায় তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
এ অবস্থায় কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, কুয়াশা এতটাই ঘন হতে পারে যে হেডলাইট জ্বালিয়েও কয়েক হাত দূরের পথ দেখা কঠিন হয়ে পড়বে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।