Ridge Bangla

তিন বাহিনীর গার্ড অব অনারে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার শেষ বিদায়

রাষ্ট্রীয় মর্যাদা ও গভীর শোকের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) জানানো হয়।

বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টার দিকে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেকের ইমামতিতে ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৫ মিনিটে।

জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ সরকারের উপদেষ্টারা অংশ নেন। পাশাপাশি তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও জানাজায় উপস্থিত ছিলেন।

দল-মত নির্বিশেষে লাখো মানুষের ঢল নামে জানাজায়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জানাজার প্রথম সারিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ ছাড়া সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন বিশ্বের ৩২টি দেশের রাষ্ট্রদূত। তার শেষ বিদায়ে শ্রদ্ধা জানাতে সকালেই ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তান জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

জানাজা ও দাফন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুমতি ছাড়া জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার পাশে ছিলেন ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা।

This post was viewed: 23

আরো পড়ুন