বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দি হওয়ার ২০তম বার্ষিকী আজ শনিবার (৭ মার্চ)। দিনটিকে ‘কারাবন্দি দিবস’ হিসেবে পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর মঈনুল রোডের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেওয়া হয় এবং ওই সময় তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। দলের নেতাদের অভিযোগ, ওই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তারেক রহমান। পরে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন।
পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করা হয় বলে বিএনপি নেতারা অভিযোগ করেন। দলটির দাবি, এসব মামলা ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই দায়ের করা হয়েছিল।
তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই করা হয়েছিল বলে তিনি দাবি করেন।
দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমানে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দিনটি উপলক্ষে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।