Skip to main content

Ridge Bangla

তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সাংবাদিক মহলে সালেহ শিবলী নামে পরিচিত, তাঁকে প্রেস সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক আস্থার ভিত্তিতে এ বি এম আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা ও দলীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা বিবেচনায় তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সাংবাদিকতা ও গণমাধ্যম ব্যবস্থাপনায় অভিজ্ঞ এ এ এম সালেহ (সালেহ শিবলী)কে তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন জাতীয় পর্যায়ের গণমাধ্যমে কাজ করার পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির মিডিয়া কার্যক্রম ও জনসংযোগে তিনি আগে থেকেই সক্রিয় ভূমিকা রেখে আসছেন। দলীয় সূত্র জানায়, এর আগেও তিনি তারেক রহমানের প্রেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দলীয় নেতারা মনে করছেন, এই দুটি নিয়োগ বিএনপির সাংগঠনিক ও যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে। বিশেষ করে সামনে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময়কে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দপ্তরের কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

This post was viewed: 68

আরো পড়ুন