Skip to main content

Ridge Bangla

তারিক সিদ্দিকের স্ত্রীর সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ, দুবাইয়ে বিপুল সম্পদের সন্ধান

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে শাহীন সিদ্দিকের নামে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে।

জুলকারনাইন সায়ের বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, দীর্ঘ অনুসন্ধানের পর জানা গেছে, ২০১৩ ও ২০১৫/২০১৬ সালে এনটিগুয়া-বার্বুডা ও মাল্টার নাগরিকত্ব গ্রহণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ২০২০ সালের ডিসেম্বরে ২.২ মিলিয়ন ইউরো বা প্রায় ৩১ কোটি টাকা বিনিয়োগ করে সাইপ্রাসের নাগরিকত্ব অর্জন করেন শাহীন সিদ্দিক। তারিক আহমেদ সিদ্দিক ছিলেন, শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামীর ভাই।

সায়ের আরও জানান, শাহীন সিদ্দিকের নামে দুবাইয়ের এরাবিয়ান র্যানচেস এলাকায় তিনটি সম্পত্তি রয়েছে। এর মধ্যে প্রথমটি এরাবিয়ান র‍্যানচেস ১-এ ৭৫১.১৮ বর্গমিটার জমি, যার ক্রয়মূল্য ৮.৫ মিলিয়ন দিরহাম। বাকি দুটি ফ্ল্যাট এরাবিয়ান র‍্যানচেস ৩-এ, আয়তন যথাক্রমে ১২৯.০৩ এবং ১৪৫.৮৫ বর্গমিটার, মূল্য যথাক্রমে ২.২ মিলিয়ন ও ২.২৮ মিলিয়ন দিরহাম। ফ্ল্যাট দুটি ২০২৩ সালের নভেম্বরে কেনা হয়েছে।

সায়ের প্রশ্ন তুলেছেন, এই নগদ ও সম্পদ শাহীন সিদ্দিকের আয়কর রিটার্নে উল্লেখ নেই। তিনি কীভাবে এই অর্থ উপার্জন করেছেন এবং কোন প্রক্রিয়ায় বিদেশি নাগরিকত্ব ও সম্পত্তি ক্রয় করেছেন, তা জানা যায়নি।

This post was viewed: 56

আরো পড়ুন