Skip to main content

Ridge Bangla

তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও ফিরছেন তামিল সিনেমায়। খবর পাওয়া যাচ্ছে, তিনি সিম্বু (সিলাম্বরসান টি. আর.)-এর বিপরীতে অভিনয় করবেন নতুন গ্যাংস্টারধর্মী সিনেমা ‘অরাসান’-এ। ছবিটি পরিচালনা করছেন তামিল চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা ভেত্রীমারান।

তেলেগু গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ছবিটির প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি, তবে সবকিছু চূড়ান্ত হলে ‘অরাসান’ হবে সামান্থা ও সিম্বুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন। তারা শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১০ সালের রোমান্টিক হিট ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’-তে।

ছবিটির গল্প ভেত্রীমারান পরিচালিত ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’-এর বিস্তৃত জগতের অংশ হিসেবে তৈরি হচ্ছে। তাই ‘অরাসান’-কে ঘিরে তামিল চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ শুরু থেকেই উর্ধ্বমুখী।

সামান্থার তামিল ইন্ডাস্ট্রিতে সর্বশেষ কাজ ছিল ২০২২ সালের ছবি ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’, যেখানে তিনি অভিনয় করেছেন বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে। ছবিটি বক্স অফিসে ভালো সাড়া পেলেও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পায়।

এর আগে সামান্থাকে দেখা গেছে অ্যামাজন প্রাইমের অ্যাকশনধর্মী ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে, যেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান।

This post was viewed: 98

আরো পড়ুন