Ridge Bangla

তানিন সুবাহর মৃত্যু ও তার ‘তাবিজ-কুফরি’ বিষয়ক পোস্ট ঘিরে জল্পনা

ছোট পর্দার অভিনেত্রী তানিন সুবাহ আর নেই। টানা আট দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার অকালমৃত্যুতে শোকাহত সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা।

তবে শোকের পাশাপাশি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তানিন সুবাহর একটি পুরনো ফেসবুক পোস্ট, যা ঘিরে রহস্যের আবহ তৈরি হয়েছে। গত ১৯ মে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, “কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ? ঘরের আনাচে কানাচে কত কি যে পেলাম। কেন এমন করছেন! আমি তো কারো ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।”

এই পোস্টের মাত্র ১৩ দিন পর, ২ জুন তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি আবার ভাইরাল হয়ে যায়, যা ঘিরে শুরু হয় নানা জল্পনা ও আলোচনা। কেউ কেউ বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত দাবি করছেন।

তানিন সুবাহ ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু করেন। এরপর ‘আলাল দুলাল’, ‘ম্যারেজ মিডিয়া ডটকম’-এর মতো নাটক এবং ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

This post was viewed: 46

আরো পড়ুন