Skip to main content

Ridge Bangla

‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির অভিযোগে টিপু সুলতান গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেতা শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির ঘটনায় টিপু সুলতান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম।

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালীর জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেল সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিপুকে গ্রেপ্তার করা হয়। তিনি বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের বাসিন্দা, পিতা খলিলুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, টিপু সুলতান বেআইনিভাবে ‘তাণ্ডব’ সিনেমার এইচডি কপি পাইরেসি করে বিভিন্ন অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, ফলে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

ঘটনার পর সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া ওরফে শাহরিয়ার শাকিল ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে মামলা করেন। মামলার ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশ অভিযান চালিয়ে টিপু সুলতানকে গ্রেপ্তার করে।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টিপু পাইরেসির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকায় পাঠানো হবে। পাইরেসির মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

This post was viewed: 61

আরো পড়ুন