Skip to main content

Ridge Bangla

তাণ্ডব প্রদর্শনী বন্ধ নিয়ে সরকারের উদ্দেশে নির্মাতা নিপুণের ক্ষোভ

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্মীয় আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর প্রদর্শনী। মঙ্গলবার (১০ জুন) দুপুরে আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করেন আয়োজকরা। এর আগে স্থানীয় ওলামা পরিষদের বিক্ষোভ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নির্মাতা আশফাক নিপুণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাদের উদ্দেশে তিনি লিখেছেন, “চট্টগ্রাম বন্দর নিয়ে আপনি ব্যস্ত, কিন্তু দেশে যখন ‘তাণ্ডব’ বন্ধ হয়ে যাচ্ছে, তখন আপনি নিরব কেন?”

নিপুণ আরও বলেন, “মব নিয়ন্ত্রণে কবে কঠোর অবস্থান নেবেন? এখনই কালিহাতীতে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা নিন, পর্যটনকেন্দ্র ও পাবলিক প্লেস ঝুঁকিমুক্ত করুন।”

তিনি যোগ করেন, “গত ১০ মাসে এসব করতে না পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস সরকারের মূল কাজ হওয়া উচিত মব সংস্কৃতি দমন।”

এদিকে আয়োজকদের একজন সাজু মেহেদী জানান, সেন্টারটি ভাড়া নিয়ে এসি সার্ভিসিং, টিকিট প্রিন্টিং ও স্বেচ্ছাসেবক নিয়োগসহ প্রায় ৯ লাখ টাকা খরচ হয়েছে। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেলেও হুমকি-ধমকির মুখে মাত্র আড়াই দিন পর সিনেমা বন্ধ করতে হয়।

অন্য আয়োজক কামরুজ্জামান সাইফুল জানান, প্রচারের কোনো সুযোগ না থাকায় আগেই চাপের মুখে ছিলেন তারা। প্রদর্শনের জন্য অনুমতি থাকলেও সমাজের একটি শ্রেণির আপত্তির মুখে আয়োজন বন্ধ হওয়ায় দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

This post was viewed: 59

আরো পড়ুন