ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া বা আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সতর্কবার্তা দেন।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর কোনো কারণেই রাস্তায় আন্দোলন বা কর্মসূচি গ্রহণ করা যাবে না। কেউ যদি রাস্তায় নামেন, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি আন্দোলন হয়েছে। তবে কোনো ক্ষেত্রেই রাবার বুলেট ব্যবহার করা হয়নি বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, “শুধু টিয়ারশেল ও গরম পানি ব্যবহার করা হয়েছে। রাবার বুলেট ছোড়া হয়নি। এটি দেশের ইতিহাসে একটি রেকর্ড।”
মেট্রোরেলে কর্মবিরতির ঘোষিত আন্দোলন প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন। জানান, মেট্রোরেলসহ যেকোনো সরকারি সেবামুখী কাজে বিঘ্ন ঘটানোর ধরনের আন্দোলন কঠোরভাবে দমন করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। দেশ এখন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে।