Skip to main content

Ridge Bangla

তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছাড়লো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, “গত বছরের ১৫ জুলাই সানজিদা আহমেদ তন্বীর রক্তাক্ত মুখ সবার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। তার ত্যাগকে সম্মান জানিয়ে আমরা গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী দিচ্ছি না।”

এর আগে সানজিদা আহমেদ তন্বী নিজেই ওই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। পরে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)ও জানায়, তার সম্মানে তারা এই পদে প্রার্থী দেবে না।

এদিকে ডাকসুর আসন্ন নির্বাচনের জন্য ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে। প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদেরও প্রাধান্য দেওয়া হয়েছে। ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জিএস পদে কবি জসীম উদ্দিন হলের আহ্বায়ক তানভীর বারী হামিম এবং এজিএস পদে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।

এছাড়া সম্পাদক পদের প্রার্থীদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান, ক্রীড়া সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন সম্পাদক মো. সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আনোয়ার হোসাইন এবং মানবাধিকার ও আইন সম্পাদক পদে মেহেদী হাসান মুন্না।

This post was viewed: 54

আরো পড়ুন