Skip to main content

Ridge Bangla

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জার্মান দূতাবাসের রাজনৈতিক ও প্রেস অফিসার শারনিলা নুজহাত কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের অনিশ্চয়তা নেই।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কোনো গণমাধ্যমে ফোন করে হস্তক্ষেপ করে না। তিনি বলেন, “গণমাধ্যম আজ স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে, এটিই গণতন্ত্রের শক্তি।”

অন্যদিকে, রাষ্ট্রদূত রুডিগার লোটজ বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি, জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

This post was viewed: 52

আরো পড়ুন