ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। আজ রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অভিজ্ঞতাকে সম্মানের বলে উল্লেখ করেছেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দীন আহমদ জানান, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন বিশ্রামে থাকতে চান বলেও জানান তিনি।
গত প্রায় ২০ মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এদিকে তাঁর পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।