Skip to main content

Ridge Bangla

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে একযোগে অব্যাহতি

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ১২ নেতাকে একযোগে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দায়িত্ব পালনে অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদার শহীদুল আলম মামুন, জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আবদুল্লাহ রায়হান ও মাশফিক আলম ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ছাত্রদল সূত্রে জানা যায়, ঢাবি শাখার সাম্প্রতিক কার্যক্রমে স্থবিরতা ও দায়িত্বহীনতার অভিযোগে বেশ কিছুদিন ধরেই ওই নেতাদের বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে সাংগঠনিক বিচারের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র আরও জানিয়েছে, খুব শিগগিরই শূন্যপদে নতুন নেতৃত্ব মনোনীত করে ঢাবি ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হবে।

This post was viewed: 168

আরো পড়ুন