Skip to main content

Ridge Bangla

ঢাবি’র ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব ব্যয় সংবলিত প্রস্তাবিত বাজেট সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে। ১৬ জুন, উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদিত হয়।

১৭ জুন মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক প্রেস ব্রিফিংয়ে ২০২৪–২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫–২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ২০২৪–২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ৯৯৩ কোটি ৯৩ লাখ টাকা। নতুন বাজেটটি আগের বছরের তুলনায় ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা বেশি।

তিনি জানান, চলতি বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মোট চাহিদা ছিল ১ হাজার ২ শত ৫১ কোটি ৬০ লাখ ২৫ হাজার টাকা। প্রস্তাবিত বাজেট অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে ৮৮৩ কোটি ৪ লাখ টাকা পাওয়া যাবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ উৎস থেকে ৯০ কোটি টাকা পাওয়া যাবে। ফলে প্রস্তাবিত বাজেটে ৬২ কোটি ৪১ লাখ টাকার ঘাটতি রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৩–২০২৪ অর্থবছরের বাজেট ছিল ৯৭৩ কোটি ৫ লাখ ৭৮ হাজার টাকা, আর ২০২৪–২০২৫ অর্থবছরের বাজেট ছিল ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। এবারের বাজেট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকা।

গবেষণা খাতে ২০২৪–২০২৫ অর্থবছরে ২০ কোটি টাকা বরাদ্দ ছিল, যা এবার বাড়িয়ে ২১ কোটি টাকা করা হয়েছে। বেতন ও ভাতা খাতে আগেরবারের বাজেটে ব্যয় ধরা হয়েছিল ৬৭.৮১ শতাংশ, এবার তা কমিয়ে ৬২.৬৯ শতাংশ করা হয়েছে। পণ্য ও সেবা-সহায়তা খাতে পূর্ববর্তী বাজেটে ব্যয় ছিল ২৩.৩৩ শতাংশ, এবারে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৭.৬২ শতাংশে।

This post was viewed: 59

আরো পড়ুন