ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিকেল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। দীর্ঘ সাড়ে ছয় বছর পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ প্রার্থী। ভোটারদের মোট ৪১টি ভোট দিতে হবে, সময় দেওয়া হয়েছে ১০ মিনিট। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ব্রেইল ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে।
ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষাকারীরাও দায়িত্ব পালন করছেন। টিএসসি এলাকায় বসানো হয়েছে পুলিশের অস্থায়ী ক্যাম্প, মোতায়েন রয়েছে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
নির্ধারিত আটটি কেন্দ্রে ৮১০ বুথে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ভোট দেবেন চার হলের ৬ হাজার ১৫৫ শিক্ষার্থী। শিক্ষার্থীদের প্রত্যাশা, জুলাই অভ্যুত্থানের পর ছাত্ররাজনীতিতে যে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, তা এই নির্বাচনকে সামনে রেখে টেকসই রূপ পাবে।