Skip to main content

Ridge Bangla

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী যাচাই শেষে নাহিদ ইসলামের মনোনয়নপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি। ফলে ঢাকা-১১ আসনে তিনি বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

ঢাকা-১১ সংসদীয় আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা রামপুরা, বাড্ডা ও ভাটারা নিয়ে গঠিত। এ আসনটি জনবহুল ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে শুরু থেকেই আলোচনা রয়েছে। নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে এই আসনে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর। এরপর ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি।

This post was viewed: 44

আরো পড়ুন