Skip to main content

Ridge Bangla

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইটে অনুমতি পেল বিমান বাংলাদেশ

ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক সম্মতির পর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) এই অনুমোদন দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের আকাশ যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২ জানুয়ারি) পাকিস্তান বিমান চলাচল কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়। তবে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের জন্য আলাদা একটি স্লট বরাদ্দ করা হয়েছে।

অনুমোদন অনুযায়ী, ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ফ্লাইট তথ্য সরবরাহ করতে হবে। পাশাপাশি অপারেশনাল সমন্বয় ও নিরাপত্তা সংক্রান্ত সব শর্ত পূরণের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব শর্ত মানা সাপেক্ষেই ফ্লাইট পরিচালনার সুযোগ থাকবে।

সামা নিউজ জানিয়েছে, প্রাথমিকভাবে এই অনুমোদন আগামী বছরের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। নির্ধারিত সময় শেষে ফ্লাইট পরিচালনার অগ্রগতি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে অনুমোদন নবায়ন বা পুনর্বিবেচনা করা হতে পারে। পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা মনে করছেন, ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণের জন্য ভ্রমণ আরও সহজ হবে। পাশাপাশি দুই দেশের জনগণের যোগাযোগ বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

This post was viewed: 67

আরো পড়ুন