Ridge Bangla

ঢাকাসহ আট বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ভূমিধসের সতর্কতা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১ অক্টোবর) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত ভারী বর্ষণের সতর্কবার্তায় জানানো হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভারী বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। এছাড়া ভারী বর্ষণ ঢাকাসহ বড় শহরে অস্থায়ী জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি করতে পারে। অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে নগরবাসীকে জলাবদ্ধতা মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

This post was viewed: 55

আরো পড়ুন