Skip to main content

Ridge Bangla

ড. ইউনূসের প্রভাবেই যুক্তরাষ্ট্রে শুল্ক কমেছে: প্রেস সচিব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি ও ব্যক্তিগত প্রভাবের কারণেই যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) রাজধানীতে “মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। প্রেস সচিব জানান, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আত্মবিশ্বাসী ছিল যে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক কমানো সম্ভব হবে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। আমরা এটাকে একটি বড় সাফল্য মনে করি।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। “আমরা চাই রপ্তানি আরও বাড়াতে। শুল্ক আরও কমানোর চেষ্টা করা হবে। এতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে,” যোগ করেন শফিকুল আলম। প্রেস সচিবের মতে, নেগোশিয়েশনের সময় শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যান্য আন্তর্জাতিক বাজারে কী প্রভাব পড়তে পারে সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে এ সিদ্ধান্ত বাংলাদেশের বাণিজ্যনীতির জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। তবে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন তা কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে। এ পদক্ষেপে বাংলাদেশি রপ্তানি খাত নতুন গতি পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

This post was viewed: 51

আরো পড়ুন