Skip to main content

Ridge Bangla

ডি ব্রুইনা এখন নাপোলিতে

ম্যানচেস্টার সিটির সঙ্গে দশ বছরের সম্পর্ক ছিন্ন করে বেলজিয়ান তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা যোগ দিয়েছেন ইতালিয়ান ক্লাব নাপোলিতে। ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন না করায় ফ্রি এজেন্ট হিসেবে তিনি নতুন এই গন্তব্যে পাড়ি জমান। বৃহস্পতিবার (১২ জুন) নাপোলির সভাপতি অরেলিও দে লরেন্তিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডি ব্রুইনার সঙ্গে করমর্দনের ছবি পোস্ট করে লেখেন, “স্বাগত কেভিন।”

৩৩ বছর বয়সী ডি ব্রুইনা নাপোলির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন, যা এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে। নাপোলিতে তিনি সতীর্থ হিসেবে পাবেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকুকে। ডি ব্রুইনাকে দলে টানতে ইউরোপ ও ইউরোপের বাইরের একাধিক ক্লাব আগ্রহ প্রকাশ করেছিল। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো থেকেও মিলেছিল আকর্ষণীয় প্রস্তাব, তবে শেষ পর্যন্ত তিনি নাপোলিকেই বেছে নেন। ফলে আগামী মৌসুমে তাঁকে দেখা যাবে চ্যাম্পিয়নস লিগে।

নাপোলির অফিসিয়াল পেজেও ডি ব্রুইনার আগমন নিশ্চিত করা হয়েছে। ক্লাবটি তাঁর একটি মুকুট পরা ছবি পোস্ট করে লেখে, “কিং কেভ এখন এখানে।”

২০১৫ সালে জার্মান ক্লাব ভলফসবুর্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডি ব্রুইনা। সিটিতে তাঁর সময়কাল ছিল সাফল্যে ভরপুর—তিনি ক্লাবটির হয়ে জিতেছেন ১৯টি বড় শিরোপা। যদিও শেষ দুই মৌসুমে ইনজুরির কারণে নিয়মিত খেলা হয়নি, তবুও প্রিমিয়ার লিগ ইতিহাসে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে তাঁর নাম রয়ে যাবে অম্লান।

This post was viewed: 179

আরো পড়ুন