Ridge Bangla

ডিবির হাতে গ্রেপ্তার ‘খাড়া বাদশা’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ওয়ারী এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ মোবারক হোসেন ওরফে খাড়া বাদশা (৩৪) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্র জানিয়েছে, গত সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ওয়ারী এলাকার হোটেল ওসমানী ইন্টারন্যাশনালের কাছে অস্ত্র ও মাদকসহ এক ব্যক্তি অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে রমনা বিভাগ ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, একটি কার্তুজ এবং ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ভীতি ও অস্থিরতা তৈরির উদ্দেশ্যে গ্রেপ্তার ব্যক্তি অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন।

পুলিশের তথ্যমতে, খাড়া বাদশার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক-সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে মোট ১৪টি মামলা রয়েছে। আটকের পর ওয়ারী থানায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নতুন করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

This post was viewed: 33

আরো পড়ুন