ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার কমিশনারের দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত ডিএমপির দায়িত্ব মো. সরওয়ারের ওপর ন্যস্ত থাকবে। এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তিভিত্তিক মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত বহাল থাকার কথা ছিল।
বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী ২০১৬ সালের নভেম্বরে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত অবস্থায় চাকরিচ্যুত হন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে তাকে পুনর্বহাল করা হয়। এরপর ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।