Skip to main content

Ridge Bangla

টেংরাটিলা মামলায় ঐতিহাসিক জয়: নাইকোর কাছ থেকে ৫১৬ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

দীর্ঘ দুই দশকের আইনি লড়াই শেষে সুনামগঞ্জের ছাতকে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আন্তর্জাতিক আদালতে চূড়ান্ত বিজয় অর্জন করেছে বাংলাদেশ। কানাডীয় বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে দায়ের করা মামলায় বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক সালিশি আদালত।

ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (আইসিডি) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ রায় ঘোষণা করেন। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১৬ কোটি টাকা। পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৩ সালে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধান ও উত্তোলনের দায়িত্ব পায় নাইকো। তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে ব্যর্থতা ও কারিগরি অব্যবস্থাপনার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন সেখানে পরপর দুটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে প্রায় আট বিলিয়ন ঘনফুট মূল্যবান গ্যাস পুড়ে যায় এবং ব্যাপক পরিবেশগত ও অবকাঠামোগত ক্ষতি হয়।

পরে পেট্রোবাংলা ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি গড়ায় আন্তর্জাতিক আদালতে। ট্রাইব্যুনাল তার রায়ে উল্লেখ করেন, নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পমান অনুসরণে ব্যর্থতার কারণেই এই বিপর্যয় ঘটে।

রায়ে পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ বাবদ ৪০ মিলিয়ন ডলার এবং পরিবেশগত ও অন্যান্য ক্ষতির জন্য অতিরিক্ত ২ মিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

This post was viewed: 79

আরো পড়ুন