Skip to main content

Ridge Bangla

টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

দেশজুড়ে আগামী পাঁচ দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরণের আবহাওয়া বিরাজ করবে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একই চিত্র থাকবে শনিবার ও রোববারও। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস বা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিসের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

This post was viewed: 53

আরো পড়ুন