দেশের বিভিন্ন অঞ্চলে টানা দুই দিন বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু–এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২৩ মার্চ) ও মঙ্গলবার (২৪ মার্চ) দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে।
বুধবার (২৫ মার্চ) রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের বাকি অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।