Ridge Bangla

টাকা লুটের জন্য নির্মম হত্যা, ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধার

রাজধানীর মানিকনগরে গরু কেনার আড়াই লাখ টাকা লুটের উদ্দেশ্যে মো. জাকির হোসেন (৫৫) নামে এক প্লাস্টিক বোতল ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে তাঁর মরদেহ খণ্ডবিখণ্ড করে জঙ্গলের বালুর নিচে পুঁতে রাখার অভিযোগে প্রতিবেশী আজহার আলীকে আটক করেছে পুলিশ।

ঘটনার পাঁচ দিন পর আজহার আলীর স্বীকারোক্তির ভিত্তিতে সবুজবাগের বাইকদিয়া এলাকার একটি ঢিবি থেকে জাকিরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ৪ জুন রাতে আজহার আলী জাকির হোসেনকে বাড়িতে ডেকে নিয়ে রড দিয়ে মাথায় আঘাত করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে দেহ টুকরো করেন এবং লাশ বালুর নিচে পুঁতে রাখেন।

জাকির হোসেনের পরিবার ৫ জুন নিখোঁজ ডায়েরি করে এবং ১০ জুন আজহারসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে অপহরণ মামলা দায়ের করে। এর ভিত্তিতে পুলিশ আজহার আলীকে গ্রেপ্তার করে এবং ১১ জুন তাঁর স্বীকারোক্তি অনুযায়ী লাশ উদ্ধার করে।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন আলী বলেন, আজহার হত্যার দায় স্বীকার করেছে এবং টাকা লুটই ছিল এর প্রধান উদ্দেশ্য। ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

This post was viewed: 58

আরো পড়ুন