Ridge Bangla

টাইমের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’-এ স্থান পেলেন ফটোগ্রাফার আমির হামজা

বিশ্বখ্যাত সংবাদভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিনের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’ তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশি ফটোগ্রাফার আমির হামজা। তার তোলা একটি বিশেষ ছবি, দিদারুল ইসলামের জানাজার মুহূর্ত, নির্বাচিত হয়েছে তার আবেগময় উপস্থাপনা ও বৈশ্বিক প্রভাবের কারণে।

ছবিটি তোলা হয়েছিল গত ৩ জুলাই, নিউ ইয়র্কের ব্রঙ্কসে, যেখানে পুলিশ অফিসার দিদারুল ইসলামের জানাজায় অংশ নেওয়া মানুষের অনুভূতি ক্যামেরায় বন্দী হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আমির হামজার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, “এটি শুধু তার ব্যক্তিগত শিল্পদৃষ্টির স্বীকৃতি নয়, বাংলাদেশ ও প্রবাসীদের গল্প আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার সঙ্গে প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশি আলোকচিত্রীরা বহুদিন ধরেই আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত।”

ফারুকী আরও উল্লেখ করেন, আমির হামজার আগে কেএম আসাদ, তসলিমা আক্তার ও মুনিরুজ্জামানসহ অনেক বাংলাদেশি ফটোগ্রাফারের কাজও টাইমের ‘১০০ ফটোস অব দ্য ইয়ার’-এ অন্তর্ভুক্ত হয়েছে। তিনি জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো আলাদা ‘ফটোগ্রাফি’ বিভাগ চালু হবে, যা দেশের সৃজনশীল প্রতিভা ও শিল্পচর্চাকে আরও প্রাতিষ্ঠানিক মর্যাদা দেবে।

১৯৯২ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী আমির হামজা ২০১৪ সালে ইউএসটিসি থেকে ফার্মেসিতে স্নাতক হন। ২০১২ সালে তিনি অপেশাদার আলোকচিত্র শুরু করেন এবং বর্তমানে দ্য নিউ ইয়র্ক টাইমস-এ কর্মরত।

This post was viewed: 41

আরো পড়ুন