Skip to main content

Ridge Bangla

টাইফয়েড টিকা পেল ১ কোটি ৭০ লাখ শিশু

দেশব্যাপী টাইফয়েড প্রতিরোধে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ১ কোটি ৭০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। বিনামূল্যের এ টিকাদান কর্মসূচি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), ইউনিসেফ বাংলাদেশ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ‘টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য ও শক্তিশালীকরণ’ শীর্ষক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক শিশু টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, ওই বছর ৮ হাজার মানুষ টাইফয়েডে মারা গেছেন, যার মধ্যে প্রায় ৬ হাজারই শিশু। দূষিত পানি ও অপরিচ্ছন্ন খাদ্যই এ রোগের মূল কারণ বলে উল্লেখ করা হয়।

ইপিআই অ্যান্ড সারভিল্যান্সের উপপরিচালক ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ সভায় টাইফয়েড টিকাদান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, সরকারের টিকাদান কর্মসূচি সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি এখন আন্তর্জাতিকভাবে প্রশংসিত।

সভায় বক্তারা বলেন, ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫’-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৪ কোটি ৯০ লাখ শিশুকে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিদ্যালয়, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুলের বাইরে থাকা শিশুরাও এ টিকা পাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এবং সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

This post was viewed: 112

আরো পড়ুন