Skip to main content

Ridge Bangla

জ্বালানি তেল পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়াকড়ি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতেও কড়াকড়িভাবে তল্লাশি চালানো হচ্ছে। পাচারের আশঙ্কা থাকায় সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সন্দেহজনক যানবাহন ও চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

বিশেষ করে যেসব রুট দিয়ে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব স্থানে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনবল বৃদ্ধি এবং বিশেষ টহল জোরদারের মাধ্যমে সম্ভাব্য পাচার প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক বলেন, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।

This post was viewed: 30

আরো পড়ুন