Skip to main content

Ridge Bangla

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, এনবিআর সদস্যের বিরুদ্ধে দুদকের মামলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য ও কাস্টমস বিভাগের সাবেক কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরেও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, বেলাল চৌধুরী তার সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ টাকার তথ্য দিলেও যাচাইয়ে তার নামে ১৩ কোটি টাকার বেশি সম্পদ পাওয়া গেছে। অর্থাৎ প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সম্পদ তিনি গোপন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দায়দেনা বাদে তার নিট সম্পদ দাঁড়ায় ৭ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার টাকা, যেখানে বৈধ আয়ের উৎস থেকে পাওয়া অর্থের পরিমাণ প্রায় ১১ কোটি ৫২ লাখ টাকা। সব মিলিয়ে তিনি জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় ৪ কোটি ৯৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।

দুদকের তদন্তে আরও জানা যায়, বেলাল চৌধুরী বেনাপোল কাস্টম হাউসের কমিশনার ও শুল্ক এবং রেয়াত প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করেন।

This post was viewed: 75

আরো পড়ুন