জেলখানায় থাকার ‘অভিজ্ঞতা’ নিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার ভয়াবহ ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
নিহত হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল থেকে সে নিখোঁজ থাকার পর ২৩ এপ্রিল ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, হত্যার আগে ফতুল্লা রেলস্টেশন এলাকায় আড্ডা দেওয়া একদল কিশোর হোসাইনকে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। এরপর পরিকল্পিতভাবে ছুরিকাঘাতে তাকে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যায়।
পুলিশ সুপার জানান, প্রধান আসামি ইয়াসিনসহ এ ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ইয়াসিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপারের ভাষ্যমতে, ধৃত কিশোররা কেবল জেলখানায় যাওয়ার অভিজ্ঞতার নেশায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।