Skip to main content

Ridge Bangla

জেফ বেজোসের নতুন জীবনের সূচনা: ভেনিসে বিলাসবহুল বিয়ে

বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও মহাকাশযান প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রথম স্ত্রী ম্যাকেনজি স্কটের সঙ্গে ২৬ বছরের সংসার বিচ্ছেদের পাঁচ বছর পর ৬১ বছর বয়সে বেজোস নতুন করে ঘর বাঁধছেন প্রেমিকা ও সাংবাদিক লরেন স্যানচেজের সঙ্গে।

তিন দিনব্যাপী ‘ওয়েডিং অব দ্য সেঞ্চুরি’ খ্যাত এই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে ইতালির প্রাচীন ও রোমান্টিক শহর ভেনিসে। বেজোসের এই জাঁকজমকপূর্ণ বিয়েতে প্রায় ২০০ জন অতিথি আমন্ত্রিত হয়েছেন। ইতোমধ্যে ভেনিসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, মডেল কিম কারদাশিয়ানসহ বিশ্বজুড়ে প্রভাবশালী বহু তারকা।

অতিথিদের আনতে ব্যবহৃত হচ্ছে অন্তত ৯০টি প্রাইভেট জেট। বিয়েটিকে ঘিরে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি ডলার। অতিরিক্ত এই আড়ম্বর ও বিলাসিতার কারণে ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসসহ একাধিক মানবাধিকার সংস্থা। তারা ধনীদের ওপর উচ্চ কর আরোপের দাবিতে সরব হয়েছে।

এ ছাড়া, বিয়ে উপলক্ষে পর্যটকদের ভিড়ে ভেনিস শহরের বাড়িভাড়া ও খাবারের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা, কেউ কেউ শহর ছাড়ারও সিদ্ধান্ত নিচ্ছেন।

বিক্ষোভের মুখে শেষ মুহূর্তে বিয়ের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী ২৮ জুন বিয়ের মূল অনুষ্ঠান হবে ভেনিসের বিখ্যাত সান জর্জিও মাজোরে দ্বীপে। এই বিয়ে শুধু প্রেমের নতুন অধ্যায় নয়, বরং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিশ্বজুড়ে।

This post was viewed: 222

আরো পড়ুন