জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সন্তানদের জন্য বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সমন্বয় শাখার সহকারী পরিচালক মো. হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে অসংখ্য দেশপ্রেমিক নারী-পুরুষ ও ছাত্রজনতা দেশের গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন সকল প্রতিষ্ঠান যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদিতে জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিকভাবে পড়াশোনার সুযোগ দিতে হবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, সরকারের এই উদ্যোগ শহীদ পরিবারের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।