Skip to main content

Ridge Bangla

জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলাগুলোর (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়া) বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছে সরকার। এ ছাড়া এসব মামলার প্রসিকিউশন কার্যক্রমকে আরও গতিশীল করতে গঠন করা হয়েছে বিশেষ কমিটি।

সোমবার (২০ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানকালে দেশব্যাপী আওয়ামী সরকারের নির্দেশে সংঘটিত হত্যার অভিযোগে মোট ৮৩৭টি মামলা রেকর্ড হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচার ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। পাশাপাশি দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে দায়ের করা ১৯টি হত্যা মামলার চার্জশিট দাখিল করেছে পুলিশ। এসব মামলার বিচার ‘দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০০’-এর ১০ ধারার আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি হত্যাসহ অন্যান্য গুরুতর অপরাধের মামলাগুলোর প্রসিকিউশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। কমিটি জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ের সব হত্যা ও সহিংসতার মামলার পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করবে এবং মামলাগুলোর বর্তমান অবস্থা নিরূপণ করবে। একই সঙ্গে, চার্জশিট দাখিলকৃত মামলাগুলোর প্রসিকিউশন প্রক্রিয়ায় যদি কোনো সমস্যা থাকে, তা চিহ্নিত করে সমাধানের সুপারিশ করবে।

This post was viewed: 67

আরো পড়ুন