Ridge Bangla

জুলাই অভ্যুত্থান: মামলা পরিচালনায় সাত সদস্যের কমিটি

জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানকালে হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হবেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব। এছাড়া সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিচে নয়), বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিচে নয়), জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মনোনীত শহীদ পরিবারের একজন সদস্য, একই ফাউন্ডেশনের মনোনীত একজন আইনজীবী এবং আইন মন্ত্রণালয়ের মনোনীত একজন মানবাধিকার কর্মী। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর।

কমিটির মূল দায়িত্ব হবে— জুলাই অভ্যুত্থানকালে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত হত্যা ও গুরুতর অপরাধের সব মামলার পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা, মামলাগুলোর বর্তমান অবস্থা মূল্যায়ন করা এবং যেসব মামলার চার্জশিট দেওয়া হয়েছে সেগুলোর বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সুপারিশ প্রদান। পাশাপাশি ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে কমিটি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া হত্যার মামলাগুলোর বিচার ইতোমধ্যেই চলছে। তবে প্রচলিত ফৌজদারি আদালতে থাকা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া আরও গতিশীল করতে এই নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

This post was viewed: 65

আরো পড়ুন