Ridge Bangla

জীবনের প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাহরুখ খান

দীর্ঘ ৩৩ বছর ধরে বলিউডে রাজত্ব করলেও এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জন্য আজ (১ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

এই পুরস্কারটি শাহরুখ খান যুগ্মভাবে পেয়েছেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে। দেশের অন্যতম সম্মানজনক এই পুরস্কার প্রাপ্তি শাহরুখ ভক্তদের জন্য এক অসাধারণ মুহূর্ত। কারণ আন্তর্জাতিক ও দেশীয় অনেক পুরস্কার জিতলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার এতদিন তার অধরা স্বপ্নই ছিল।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন শাহরুখ খান। এরপর ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘চক দে ইন্ডিয়া’, ‘স্বদেশ’, ‘মাই নেম ইজ খান’, ‘চেন্নাই এক্সপ্রেস’ সহ একের পর এক হিট সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেছেন। তবে এবার ‘জওয়ান’ ছবির জন্যই তাকে তার প্রথম জাতীয় স্বীকৃতি দেওয়া হলো।

২০২৩ সাল শাহরুখ খানের জন্য ছিল একেবারেই বিশেষ। ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাংকি’—এই তিনটি ছবি একের পর এক মুক্তি পেয়ে বক্স অফিসে রেকর্ড সৃষ্টি করেছে। বর্তমানে তিনি ‘কিং’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন, যা ২০২৬ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। আলোচনায় রয়েছে এই ছবির মাধ্যমে শাহরুখের মেয়ে সুহানা খান বড় পর্দায় অ্যাকশন হিরোইন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

শাহরুখ খানের এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন তার দীর্ঘ ক্যারিয়ারের এক গৌরবোজ্জ্বল অধ্যায় এবং ভক্ত-সমালোচক উভয়ের জন্যই আনন্দের এক অনন্য মুহূর্ত।

This post was viewed: 40

আরো পড়ুন