Skip to main content

Ridge Bangla

জিলাপিতে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারে ‘বেঙ্গল সুইট ফুড’-কে ১৬ লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারে জিলাপি তৈরিতে নিষিদ্ধ ও বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহারের অভিযোগে ‘বেঙ্গল সুইট ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জরিমানার অর্থ অনাদায়ে প্রতিষ্ঠানটিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ.দা.) মো. শাকিব হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, প্রতিষ্ঠানটির উৎপাদিত জিলাপির নমুনা ল্যাবরেটরিতে পরীক্ষার পর এতে নিষিদ্ধ হাইড্রোজ (সোডিয়াম হাইড্রোসালফাইড) নামক রাসায়নিক পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজারে মামলা দায়ের করেন।

মামলার ধারাবাহিক শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩-এর দুটি ধারায় অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে মোট ১৬ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার ‘খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭’ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের রাসায়নিক মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

This post was viewed: 48

আরো পড়ুন