Ridge Bangla

জাল ভোটার কার্ডে নাম দক্ষিণী তিন অভিনেত্রীর

ভারতের তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে চাঞ্চল্যকর বিতর্ক। ভোটার তালিকায় নাম প্রকাশ পেয়েছে দক্ষিণী সিনেমা জগতের তিন নামজাদা তারকা—তামান্না ভাটিয়া, সামান্থা রুথ প্রভু ও রাকুলপ্রীত সিং। তাদের নামে তৈরি জাল ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন নড়েচড়ে বসেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, তিন অভিনেত্রীর ছবিসহ ভোটার কার্ডে ঠিকানা একই থাকায় সন্দেহের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্বাচনের আগে ভোটার তালিকায় কারচুপি বা জালিয়াতি করার উদ্দেশ্যে এই কার্ড তৈরি করা হয়েছে। তবে এখনো তামান্না, সামান্থা ও রাকুলপ্রীত কারও পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি।

উল্লেখ্য, চলতি বছরের জুনে জুবিলি হিলসের বিধায়ক মগন্তি গোপীনাথের মৃত্যু হয়। এর ফলে আসনটি শূন্য হয়ে পড়ে। আগামী ১১ নভেম্বর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস প্রার্থী ভি নবীন যাদব, বিআরএস প্রার্থী মগন্তি সুনীতা (প্রয়াত বিধায়কের স্ত্রী) এবং বিজেপির দীপক রেড্ডি।

এ ঘটনায় ইতিমধ্যেই ভুয়া ভোটার কার্ড তৈরির অভিযোগে বিআরএস কংগ্রেসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে তিন অভিনেত্রীর নাম জাল ভোটার কার্ডের ঘটনায় জড়িয়ে পড়েছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রাথমিক তদন্তে কার্ড তৈরি ও ব্যবহারকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

This post was viewed: 49

আরো পড়ুন