Skip to main content

Ridge Bangla

জাপানে ভারি তুষারপাতে পাহাড়ি মন্দিরে আটকা শতাধিক মানুষ

জাপানে টানা ভারি তুষারপাতের কারণে পাহাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় একটি শিন্তো মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন শতাধিক মানুষ। দেশটির সাইতামা প্রদেশের পাহাড়চূড়ায় অবস্থিত মিৎসুমিনে শ্রাইনে শুক্রবার (২ ডিসেম্বর) রাতে প্রায় ১৩০ জন মানুষ আটকা পড়েন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, তুষারপাত ও পিচ্ছিল রাস্তার কারণে নিরাপত্তাজনিত উদ্বেগে মন্দিরে যাওয়ার সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। ফলে অন্তত ৫০টি গাড়ির যাত্রীদের মন্দিরের হল ও লবিতে রাত কাটাতে হয়। তবে এখন পর্যন্ত কেউ অসুস্থ হননি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

জাপানজুড়ে বর্তমানে তীব্র শৈত্যপ্রবাহ ও ভারি তুষারপাত চলছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় দেশের কিছু এলাকায় ৮০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে এবং শনিবার আরও ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষার পড়েছে।

চিচিবু শহরের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ১১০ মিটার উচ্চতায় অবস্থিত মিৎসুমিনে শ্রাইনটি শিন্তো ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে ইজানামি ও ইজানাগি দেবদেবীর পূজা করা হয়, যাদের জাপানি দ্বীপপুঞ্জের স্রষ্টা হিসেবে বিশ্বাস করা হয়।

This post was viewed: 38

আরো পড়ুন