ভারতীয় আম আমদানিতে আবারও সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। দীর্ঘ দুই দশক পর নেওয়া এ সিদ্ধান্তে দেশটির বাজারে ভারতের জনপ্রিয় ও প্রিমিয়াম জাতের আম রপ্তানি বড় ধাক্কার মুখে পড়েছে।
জাপানের কোয়ারেন্টাইন কর্তৃপক্ষ জানায়, ভারতের একটি ভেপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) কেন্দ্রে ক্ষতিকর পোকা দমনের প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি পাওয়া গেছে। এরপরই ২০২৬ সালের ২৫ মার্চের পর ইস্যু করা ভারতীয় আমের চালান গ্রহণ না করার ঘোষণা দেয় ইয়োকোহামা প্ল্যান্ট প্রোটেকশন অ্যাসোসিয়েশন।
গত মার্চে উত্তর প্রদেশের রহমানপুরে অবস্থিত ভিএইচটি কেন্দ্র পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল। পরিদর্শনের সময় ধোঁয়াকরণ ও আন্তর্জাতিক মানের জীবাণুমুক্তকরণ ব্যবস্থায় একাধিক গাফিলতি ধরা পড়ে।
এই বিশেষ পদ্ধতিতে রাসায়নিক ছাড়াই গরম ও আর্দ্র বাতাসের মাধ্যমে আমের ভেতরের পোকা ও লার্ভা ধ্বংস করা হয়, যা জাপানে আম রপ্তানির বাধ্যতামূলক শর্ত।
ফলমাছি ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়কে নিজেদের কৃষির জন্য বড় হুমকি মনে করে জাপান। এ কারণে আমদানিকৃত ফলের ক্ষেত্রে দেশটি দীর্ঘদিন ধরেই কঠোর ‘জিরো-টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
এ নিষেধাজ্ঞার ফলে আলফোনসো, কেসর, ল্যাংড়া ও ভাঙ্গানাপাল্লীর মতো ভারতীয় জনপ্রিয় আমের রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।