Skip to main content

Ridge Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের গভর্নিং বডি বিষয়ে নতুন নির্দেশনা

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত করার লক্ষ্যে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডি ও এডহক কমিটির সভাপতি এবং বিদ্যোৎসাহী সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা এডহক কমিটির সভাপতি কিংবা বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন, তাদের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা অনুযায়ী ভাইস-চ্যান্সেলরের ক্ষমতাবলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ অনুযায়ী, বিভাগীয় শহরে অবস্থিত কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার, জেলা শহরের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলার কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়েছে। প্রয়োজনে সভাপতির প্রতিস্বাক্ষরে বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তনের আবেদন করা হলে নতুন করে বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের নিজ নিজ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতোমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের কার্যক্রমের ধারাবাহিকতায় যেসব কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করা হয়েছে, সেসব প্রতিষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যরা বহাল থাকবেন।

This post was viewed: 64

আরো পড়ুন