Skip to main content

Ridge Bangla

জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন, গেজেট প্রকাশ

জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে ‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত প্রস্তাব যাচাই-বাছাই এবং সুপারিশ প্রদানের উদ্দেশ্যে ১০ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।

পুনর্গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত রাতে গেজেট আকারে প্রকাশ করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এছাড়া সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরাও পদাধিকারবলে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে জাতীয় পুরস্কারের জন্য প্রাপ্ত প্রস্তাবসমূহ পরীক্ষা, পুরস্কারের ক্রম নির্ধারণে সুপারিশ প্রদান এবং প্রয়োজনে নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব যাচাই করা। নতুন এ কমিটি গঠনের ফলে ২০২৪ সালের ২ অক্টোবর জারি করা পূর্বের প্রজ্ঞাপনটি বাতিল বলে গণ্য হবে। কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।

This post was viewed: 37

আরো পড়ুন