Ridge Bangla

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের মধ্যে ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে এ বৈঠক হয়।

সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে যে, বৈঠকটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আলোচনায় উঠে আসে ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফরের বিভিন্ন বিষয়, বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো ও সহযোগিতা ইস্যু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিও ছিল আলোচনার অন্যতম বিষয়।

সূত্র জানায়, আদালতের দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে দেশে ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়া নিয়েও দুই পক্ষ বিস্তারিত আলোচনা করেছে। পাশাপাশি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার সম্ভাব্য ক্ষেত্র, আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।

চলতি বছরেই ড. খলিলুর রহমান বেশ কয়েকবার সরকারি সফরে ওয়াশিংটনে যান এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও তাঁর সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন। তবে এসব বৈঠকের আলোচ্য বিষয়ে সরকারি বা কূটনৈতিক মহল কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

This post was viewed: 36

আরো পড়ুন