জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন ‘কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)’ অ্যাওয়ার্ডের ২৪তম আসর। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগীত, টেলিভিশন, ওটিটি এবং চলচ্চিত্রসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদান রাখা শিল্পী-কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার, সনদ ও সম্মাননা স্মারক। অনুষ্ঠানের উদ্বোধন হয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনীর নজরুলগীতি ও কবিতার মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে।
স্বাগত বক্তব্য রাখেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা এবং শুভেচ্ছা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা তামিম হাসান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনাম সরকার। এবারের আয়োজনে সংগীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা পান জনপ্রিয় শিল্পী বেবী নাজনীন এবং চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য অভিনেত্রী পূর্ণিমা।
সংগীত বিভাগে সেরা হয়েছেন কোনাল, ইমরান মাহমুদুল, প্রিন্স মাহমুদ, আসিফ ইকবাল ও জনি হক। টেলিভিশন বিভাগে পুরস্কার পেয়েছেন তানজিন তিশা, জিয়াউল হক পলাশ, ইমরাউল রাফাত, তপু খানসহ আরও অনেকে। ওটিটি বিভাগে সেরা হয়েছেন পরীমণি, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, সজল ও এফএস নাঈম। চলচ্চিত্রে সেরা হয়েছেন শাকিব খান ও মাসুমা রহমান নাবিলা।
এছাড়া বিশেষ জুরি সম্মাননা পান ধ্রুব গুহ, শাকিল খান, শওকাত, স্বপন চৌধুরীসহ একাধিক গুণীজন। অনুষ্ঠানজুড়ে বেবী নাজনীন, ইমরান, কোনাল, মেহজাবীন, সাবিলা নূর প্রমুখের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।