জেলা প্রশাসকদের পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জনমুখী প্রশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের মতো জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয়; তাই দায়িত্ব পালনে সততা ও দক্ষতা বজায় রাখা জরুরি।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলন বর্তমান সরকারের সঙ্গে ডিসিদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
তিনি বলেন, পদোন্নতি বা পছন্দের পোস্টিংয়ের জন্য পেশাদারত্ব বিসর্জন দিলে তা প্রশাসনের নিরপেক্ষতা ও দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনপ্রশাসনের কর্মকর্তাদের সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার ওপর সরকারের সাফল্য নির্ভর করে। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে- ‘সবার আগে বাংলাদেশ’।