অভিনয়ে পা রাখার আগেই বিতর্কে জড়ালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ছেলে সূর্য সেতুপতি। সম্প্রতি তার প্রথম ছবি ফিনিক্স-এর প্রিমিয়ারে বাবলগাম চিবোতে চিবোতে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুরু হয় সমালোচনার ঝড়।
নেটিজেনদের একাংশ এই আচরণকে ‘অহংকারপূর্ণ’ ও ‘অপেশাদার’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ বাবার পরিচিতি ব্যবহার করে সুযোগ পাওয়ার অভিযোগ তুলে ‘নেপোটিজম’ প্রসঙ্গও সামনে আনেন। অভিযোগ আরও ওঠে, ভিডিওটি মুছে ফেলতে বিজয় সেতুপতি নাকি কয়েকজনকে চাপ দেন। এই অভিযোগ ঘিরেই নতুন করে বিতর্ক ছড়ায়।
শেষ পর্যন্ত ফিনিক্স সিনেমার প্রিমিয়ারে হাজির হয়ে বিজয় সেতুপতি মুখ খোলেন। তিনি বলেন, “কারও যদি এতে কষ্ট হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি সত্যিই এমন কিছু হয়ে থাকে, সেটা হয়তো অনিচ্ছাকৃত ছিল অথবা অন্য কেউ করেছে।”
এক ভিডিওতে দেখা যায়, বিজয় সেতুপতি ছেলেকে জড়িয়ে ধরছেন এবং সাংবাদিকদের সামনে করমর্দন করছেন। তিনি পরিচালক অনল আরাসুকেও অভিনন্দন জানান।
ফিনিক্স সিনেমাটি এক তরুণ কুস্তিগিরের সংগ্রামের গল্প, যেখানে ক্ষমতালোভী গোষ্ঠীর বিরুদ্ধে তার লড়াই তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন অভিনাক্ষত্রা, জে. বিজয়েশ, সম্পথ রাজ ও দেবদর্শিনী। এটি পরিচালনা করেছেন অনল আরাসু এবং প্রযোজনা করেছেন রাজলক্ষ্মী অনল আরাসু। সিনেমাটি মুক্তি পেয়েছে ৪ জুলাই।