ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় চার্জগঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক শারমিন আফরোজ আগামী ১১ মে শুনানির এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান লিটন ঢালি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, মতিউর রহমান সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে প্রায় পাঁচ কোটি ৪১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি নিজের সম্পদ বিবরণীতে এক কোটি ২৪ লাখ টাকারও বেশি সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। এর মধ্যে একটি মামলায় মতিউর রহমানের বিরুদ্ধে পাঁচ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ এবং এক কোটি ২৭ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দ্বিতীয় মামলায় মতিউরের পাশাপাশি তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকেও আসামি করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে প্রায় চার কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে, যার তদন্ত চলমান রয়েছে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৪ জানুয়ারি মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ‘ছাগলকাণ্ডে’ দেশজুড়ে আলোচিত হওয়ার পর থেকেই মতিউর রহমানের দুর্নীতি ও সম্পদ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।