Skip to main content

Ridge Bangla

চূড়ান্ত ভোটার তালিকা ৩১ অক্টোবর প্রকাশিত হবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব জানান, এবারের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। তিনি আরও বলেন, নির্বাচন সামগ্রী সংগ্রহের প্রক্রিয়ায় কোনো ঘাটতি নেই। সেপ্টেম্বরের মধ্যেই সব নির্বাচনী সামগ্রী সংগ্রহ সম্পন্ন হবে।

প্রবাসী ভোটারদের বিষয়েও তিনি বলেন, প্রবাসীরা ভোটার নিবন্ধনের জন্য “পোস্টাল ভোট বিডি” নামে একটি অ্যাপ ব্যবহার করতে পারবেন। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করলেও নির্বাচনের সময় দেশে থাকলে পুনরায় ভোট দিতে পারবেন না।

সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিষয়টি বর্তমানে আদালতের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে আখতার আহমেদ জানান, আগামী রোববার বা সোমবার রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত হতে পারে। মাঠপর্যায় থেকে ২২টি দলের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে। এছাড়া তিনি জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আলোচনা করতে আগমনের কথা রয়েছে। এই সফর নির্বাচনী প্রস্তুতি ও পর্যবেক্ষণের অংশ হিসেবে গুরুত্ব বহন করছে।

This post was viewed: 69

আরো পড়ুন