Skip to main content

Ridge Bangla

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও একটি লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সোমবার (৭ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাগরে দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে পারে।

এই পরিস্থিতিতে সমুদ্রগামী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এই বৃষ্টি হতে পারে।

বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে জানানো হয়, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে বাকি অংশে তা প্রায় অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা সারা দেশে অপরিবর্তিত থাকবে।

This post was viewed: 149

আরো পড়ুন